প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পাচ্ছেন ১২৯ ক্রীড়াবিদ
দেশের ক্রীড়াবিদদের স্বীকৃতি ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হচ্ছে।
শনিবার ২৮ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, আগামী ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করবেন নির্বাচিত ক্রীড়াবিদরা।
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে সম্মাননা প্রদানের পাশাপাশি আগামী ১ এপ্রিল থেকে ৫০০ জন জাতীয় ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনা হবে।
প্রাথমিক তালিকায় বিভিন্ন খেলায় সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে আর্চারি, ফুটসাল, বক্সিং, ইয়োগা, জিমন্যাস্টিকস, ক্যারম, সাঁতার, ভারোত্তোলন, উশু, প্যারা অ্যাথলেটিকস, হুইলচেয়ার বাস্কেটবল, অ্যাথলেটিকস, কারাতে, সেপাক টাকরো, ব্রিজ, টেবিল টেনিস, কাবাডি, ভলিবল ও ব্যাডমিন্টনের খেলোয়াড়রা।
২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। পরবর্তীতে আরও ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করে মোট ৫০০ জনের তালিকা পূরণ করা হবে। বেতন কাঠামোর আওতায় থাকা খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়মিত মূল্যায়ন করা হবে এবং মান বজায় রাখতে ব্যর্থ হলে তালিকা থেকে বাদ পড়ার সুযোগ থাকবে।
প্রতিমন্ত্রী আরও জানান, খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা রয়েছে। তারা স্কুল পর্যায়ে খেলাধুলার উন্নয়নে কাজ করবেন।
এছাড়া শিশুদের অংশগ্রহণ বাড়াতে এপ্রিলের শেষ দিকে নতুন কুঁড়ি স্পোর্টস চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। সরকার খেলাকে পেশায় রূপ দিতে এবং মাঠ সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।