নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরাতে চায় ইরান
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে নতুন করে নিরাপত্তা ও কূটনৈতিক জটিলতা দেখা দিয়েছে। ইরান তাদের নির্ধারিত ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে আয়োজনের দাবি জানিয়েছে।
মঙ্গলবার ১৭ মার্চ ইরানি ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ এ বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। সূচি অনুযায়ী ইরানের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে ইরান দাবি করছে, বর্তমান পরিস্থিতিতে তাদের জাতীয় দলের জন্য যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়া নিরাপদ নয়। ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় তারা ম্যাচগুলো মেক্সিকোতে সরানোর অনুরোধ জানিয়েছে।
এই অবস্থানের পেছনে মূল কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকেই দায়ী করা হচ্ছে। সাম্প্রতিক সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ইরানের ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
এর আগে ইরানের ক্রীড়ামন্ত্রীও ইঙ্গিত দিয়েছিলেন যে বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ জটিল হয়ে উঠতে পারে।
এখন নিরাপদ ভেন্যু নিশ্চিত করতে ইরান ফিফার ওপর কূটনৈতিকভাবে চাপ বাড়াচ্ছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ফিফার অবস্থানের দিকে নজর রাখছে সংশ্লিষ্টরা।