রাশিয়া থেকে দেশে ফিরেছেন ৩৫ বাংলাদেশি কর্মী, প্রতারণার অভিযোগে সহায়তা দিয়েছে ব্র্যাক
রাশিয়া থেকে ৩৫ জন বাংলাদেশি কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৮ নম্বর ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির যৌথ সহায়তায় ফেরত আসা কর্মীদের বিমানবন্দরে পরিবহন সহায়তাসহ প্রয়োজনীয় জরুরি সহায়তা প্রদান করা হয়েছে।
ফেরত আসা কর্মীদের কয়েকজন জানান, বিদেশে কাজের ব্যবস্থা করে দেওয়ার নামে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তারা বলেন, কোনো সুস্পষ্ট কারণ না জানিয়ে সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান চাকরিচ্যুত করে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।
কর্মীদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পর্যায়ক্রমে মোট ১২০ জন বাংলাদেশি শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তার অংশ হিসেবে প্রথম দফায় শনিবার ৩৫ জন কর্মী দেশে ফিরেছেন।