স্বর্ণের দাম আবার বাড়াল বাজুস, ২২ ক্যারেটে ভরি ২ লাখ ৩৪ হাজার ছাড়াল
দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬২৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এতে ভালো মানের স্বর্ণ হিসেবে পরিচিত ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ৩৪ হাজার টাকা ছাড়িয়েছে, যা দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম বলে জানিয়েছে সংগঠনটি।
বুধবার ১৪ জানুয়ারি বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন দাম ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক বাজারে তেজাবি বা পিওর গোল্ড স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে। চলতি বছরে এটি স্বর্ণের দামে সপ্তমবার সমন্বয়। এর মধ্যে পাঁচ দফা দাম বাড়ানো হয়েছে এবং দুই দফা কমানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন মূল্যতালিকা অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাজুসের তথ্য অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা।
এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি বাজুস সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।