স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
বাংলাদেশের সঙ্গে স্পেন ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে পাঁচ দিনের সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দুই দেশ সফর করবেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ বাড়াতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সফরের প্রথম পর্যায়ে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে তৃতীয় স্পেন বাংলাদেশ এক্সপো ২০২৬ এর উদ্বোধন করবেন শামা ওবায়েদ। স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ এক্সপোর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে দৃঢ়তর অংশীদারি, অভিন্ন সমৃদ্ধি।
বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পারস্পরিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রও প্রসারিত হবে।
স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্যে অবস্থান করবেন শামা ওবায়েদ ইসলাম। এ পর্যায়ে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা, সাংস্কৃতিক অংশীদারি বাড়ানো এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে নতুন সম্ভাবনা খোঁজার ওপর গুরুত্ব দেওয়া হবে।
যুক্তরাজ্যে অবস্থানকালে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড বিশ্বপরিসরে পরিচিত করা এবং বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করবেন তিনি। একই সঙ্গে সৃজনশীল অর্থনীতির উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারত্বের নতুন সুযোগ অনুসন্ধান করা হবে।