আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী
পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের ক্রসফায়ার ও সাংবাদিকদের নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান নেবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে রয়েছেন। দেশে ফেরার পর তিনি বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।
সম্প্রতি রাজধানীর চকবাজারে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আইজিপি আলী হোসেন ফকির বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে। একই অনুষ্ঠানে পুলিশের সমালোচনাকারী সাংবাদিকদের নিয়েও মন্তব্য করেন তিনি। তার এসব বক্তব্য ঘিরে বিভিন্ন মহলে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়।
বিশেষ করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সরকারের অবস্থান এবং আইজিপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে তথ্য উপদেষ্টা জানান, সোমবার রাতে পুলিশ সদর দপ্তরের দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে, আইজিপি ক্রসফায়ার বলতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি। সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে।
জাহেদ উর রহমান বলেন, আইজিপি নিজেই তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। এ পরিস্থিতিতে তার বিরুদ্ধে অতিরিক্ত কঠোর অবস্থান নেওয়া কতটা যুক্তিসংগত হবে, সে বিষয়েও বিবেচনার অবকাশ রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিবেচনার ওপর নির্ভর করছে।