হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬: শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশ ৫ ধাপ এগিয়ে ৯৫তম
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় সিঙ্গাপুর আবারও এককভাবে শীর্ষে রয়েছে। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরের নাগরিকরা বর্তমানে বিশ্বের ১৯২টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা পান।
প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এ দুই দেশের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। ইউরোপের দেশগুলোও সূচকে শক্ত অবস্থান ধরে রেখেছে। ১৮৬টি দেশে ভিসামুক্ত যাতায়াত সুবিধা নিয়ে স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় অবস্থানে আছে।
গত দুই দশকে সবচেয়ে বড় অগ্রগতির উদাহরণ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সাল থেকে দেশটি ১৪৯টি নতুন গন্তব্যের সঙ্গে ভিসামুক্ত চুক্তি করে সূচকে ৫৭ ধাপ এগিয়ে বর্তমানে পঞ্চম স্থানে উঠে এসেছে।
বাংলাদেশের অবস্থানে এবার কিছুটা উন্নতির তথ্য দিয়েছে সূচকটি। গত বছরের তুলনায় পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশ এখন ৯৫তম অবস্থানে রয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা বর্তমানে ৩৭টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
সূচকের একেবারে শেষদিকে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো। প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ২৪টি দেশে প্রবেশাধিকার নিয়ে আফগানিস্তান তালিকার শেষ অবস্থানে আছে। সিরিয়া ও ইরাকের অবস্থান যথাক্রমে ১০০ ও ৯৯ নম্বরে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান এইচ কেলিনের বক্তব্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, পাসপোর্টের শক্তি এখন শুধু ভ্রমণের সুবিধা নয়, বরং বিশ্ব অর্থনীতিতে অংশগ্রহণের সক্ষমতার একটি নির্দেশকও। আইএটিএ-এর তথ্যের ভিত্তিতে তৈরি এই সূচক বৈশ্বিক চলাচলের বৈষম্যকেও তুলে ধরে।