সিলেট থেকে উড়ানো গ্যাস বেলুন ভারতের শিলচরে গিয়ে পড়ায় স্থানীয় পর্যায়ে উদ্বেগ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গিলাছড়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে উড়ানো একটি গ্যাস বেলুন ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় গিয়ে পড়ায় সেখানে সাময়িক উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ বেলুনটি উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গেছে, গত শুক্রবার ৯ জানুয়ারি এবং শনিবার গিলাছড়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে রশি দিয়ে একটি গ্যাস বেলুন উড়িয়ে রাখা হয়েছিল। বেলুনটিতে স্কুলের জন্য অবদান রাখা তিনজনের ছবি লাগানো ছিল। এক পর্যায়ে বেলুনটি ছিঁড়ে উড়ে চলে যায়।
রোববার ১১ জানুয়ারি ভোরে আসাম রাজ্যের শিলচর শহরের অদূরে মাসিমপুর সুবেদারবস্তি এলাকায় বেলুনটি পড়ে থাকতে দেখা যায়। মাসিমপুর এলাকার কয়েকজন লোক গরু-মহিষ মাঠে ছাড়তে গিয়ে বিশালাকৃতির বেলুনটি দেখতে পান। পরে তারা বিষয়টি এলাকার ভিডিপি সম্পাদক সুমন দাসকে জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতীম দাস সেখানে যান। পরে বেলুনটির ভেতরের গ্যাস বের করে সেটি এসএসপি কার্যালয়ে নেওয়া হয়।
স্থানীয় সাংবাদিক মঞ্জুর আহমদের ভাষ্য অনুযায়ী, মাসিমপুর এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফের কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের সদর দফতর থাকায় বেলুনটি নিয়ে শুরুতে উদ্বেগ তৈরি হয়।
প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন স্থানীয় সাংবাদিকদের জানান, বেলুনটিতে তিনটি ছবি রয়েছে এবং এটি একটি স্কুলের ৬৫ বছর পূর্তি উপলক্ষে উড়ানো হয়েছিল।
সূত্র: সময় টিভি