পাইপলাইনে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল, জ্বালানি সরবরাহে স্বস্তি
দেশের উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গতি আনতে পাইপলাইনের মাধ্যমে নতুন করে ডিজেলের একটি চালান এসে পৌঁছেছে।
বাংলাদেশ ভারত জ্বালানি সহযোগিতার ধারাবাহিকতায় শনিবার ১৮ এপ্রিল ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহের পাম্পিং কার্যক্রম শুরু হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে পাইপলাইনের মাধ্যমে মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে এবং বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আমদানি দাঁড়িয়েছে ৩৫ হাজার মেট্রিক টন। পরিকল্পনা অনুযায়ী, এ মাসে চারটি চালানের মাধ্যমে প্রায় ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি দেশে আসার কথা রয়েছে। এর মধ্যে ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের পর সর্বশেষ এই চালান যুক্ত হলো।
এছাড়া চলতি বছরের মার্চ পর্যন্ত চারটি চালানে মোট ২২ হাজার মেট্রিক টন জ্বালানি তেল দেশে এসেছে। ভারতের আসাম থেকে ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে অবস্থিত রিসিপ্ট টার্মিনালে এসব তেল পৌঁছানোর পর সেখান থেকে পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানির মাধ্যমে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।
উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই পাইপলাইন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর চুক্তির মাধ্যমে প্রকল্পটির কার্যক্রম শুরু হয় এবং ২০২৩ সালের ১৮ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে জ্বালানি আমদানি কার্যক্রম চালু হয়।
দুই দেশের চুক্তি অনুযায়ী আগামী ১৫ বছর এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ অব্যাহত থাকবে এবং বছরে ২ থেকে ৩ লাখ টন জ্বালানি আমদানি করা সম্ভব হবে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এই পরিমাণ আরও বাড়ানো যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।