নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে নিলামের মাধ্যমে আরও ৫০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, চারটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে নিলামের মাধ্যমে এই ডলার কেনা হয়েছে। প্রতি ডলারের কাটঅফ মূল্য নির্ধারণ করা হয় ১২২ টাকা ৭৫ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে এখন পর্যন্ত মোট ১২ কোটি ডলার কেনা হয়েছে। এর আগে চলমান ২০২৫-২৬ অর্থবছরজুড়ে একাধিকবার নিলামের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বর্তমান অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৫৬১ কোটি ৩৫ লাখ ডলার সংগ্রহ করা হয়েছে, যা রিজার্ভ ব্যবস্থাপনা ও ডলার বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাজারে ডলারের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বিনিময় হার নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ অব্যাহত থাকবে।