যুদ্ধবিরতি শর্ত ভঙ্গের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের
মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান।
বুধবার লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় অন্তত ২৫৪ জন নিহত হওয়ার ঘটনায় এ প্রতিক্রিয়া জানায় তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অভিযোগ করেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে।
তিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের একটি বক্তব্য উল্লেখ করে বলেন, যেখানে লেবাননকে যুদ্ধবিরতির আওতার বাইরে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এটি চুক্তি ভঙ্গের প্রাথমিক উদাহরণ কিনা তা স্পষ্ট হওয়া প্রয়োজন।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বার্তায় জানিয়েছিলেন, ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননসহ সর্বত্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সেই প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি নতুন করে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির আওতা ও বাস্তবায়ন নিয়ে ভিন্ন ব্যাখ্যা চলমান থাকায় অঞ্চলজুড়ে অনিশ্চয়তা বাড়ছে এবং কূটনৈতিক প্রক্রিয়া চাপে পড়তে পারে।