যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হরমুজে টোল আদায়ের সুযোগ পেল ইরান ও ওমান
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন হিসেবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল আরোপের অনুমতি পেয়েছে ইরান ও ওমান।
পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে বলে আন্তর্জাতিক সূত্রে জানা গেছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আদায়ের সুযোগ দেওয়া হবে ইরান ও ওমানকে। এ বিষয়ে সংশ্লিষ্ট এক আঞ্চলিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, টোল থেকে প্রাপ্ত অর্থ ইরান তাদের পুনর্গঠন কার্যক্রমে ব্যয় করার পরিকল্পনা করেছে। অন্যদিকে ওমান এই অর্থ কীভাবে ব্যবহার করবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ হরমুজ প্রণালি এতদিন আন্তর্জাতিক নৌপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল, যেখানে কোনো ধরনের টোল আরোপের নজির ছিল না। নতুন এই সিদ্ধান্ত সেই প্রথার পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
ভৌগোলিকভাবে প্রণালিটি ইরান ও ওমানের জলসীমার মধ্যে অবস্থিত হওয়ায় তাদের যৌথ অধিকার রয়েছে। ফলে সাম্প্রতিক এই সিদ্ধান্তকে আঞ্চলিক রাজনীতি ও বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।