কক্সবাজার সৈকতে ভেসে এলো ছয় ফুট লম্বা মৃত ডলফিন
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে। স্থানীয়রা সকালে সৈকতে ডলফিনটির দেহ দেখতে পান এবং পরে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়।
শনিবার ১৪ মার্চ সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত অবস্থায় ডলফিনটি ভেসে আসে বলে জানান লাইফগার্ড কর্মী জয়নাল আবেদীন ভুট্টু।
তিনি জানান, ডলফিনটির দৈর্ঘ্য ছয় ফুটেরও বেশি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ইরাবতি প্রজাতির ডলফিন।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দিপু বলেন, সমুদ্রে মাছ ধরার সময় জেলেদের জালে আটকে অথবা জাহাজের ইঞ্জিনের পাখার আঘাতে ডলফিনটির মৃত্যু হয়ে থাকতে পারে। তার ধারণা অনুযায়ী ডলফিনটি প্রায় তিন থেকে চার দিন আগে মারা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।