প্রবাসী করদাতাদের জন্য ইমেইলে ওটিপি সুবিধা চালু
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ করতে নতুন সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এখন থেকে প্রবাসীরা মোবাইল ফোনের পরিবর্তে নিবন্ধিত ইমেইল ঠিকানায় ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি পাবেন।
মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, নতুন বিশেষ নিবন্ধন পদ্ধতি চালু করা হয়েছে। যারা আগে বায়োমেট্রিক মোবাইল নম্বর দিয়ে ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছিলেন কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করায় মোবাইল ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে পারছেন না, তাদের জন্য ইমেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়েছে।
নতুন পদ্ধতিতে ইমেইল ভেরিফিকেশন পেতে প্রবাসী করদাতাদের নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করতে হবে। আবেদনকারীকে তার নিজস্ব ইমেইল ঠিকানা থেকে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় মেইল পাঠাতে হবে। সঙ্গে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এনআইডি, ভিসার পাতার কপি, বিদেশের ঠিকানা, বিদেশের মোবাইল বা টেলিফোন নম্বর এবং সর্বশেষ দেশত্যাগের তারিখের প্রমাণপত্র সংযুক্ত করতে হবে।
দাখিল করা কাগজপত্র ও তথ্য যাচাই শেষে এনবিআর ইমেইল ভেরিফিকেশনের আবেদন অনুমোদন করবে। এরপর করদাতারা ভেরিফায়েড ইমেইলে পাঠানো ওটিপি ব্যবহার করে সহজেই পাসওয়ার্ড রিসেট, নিবন্ধন সম্পন্ন এবং ই রিটার্ন সংক্রান্ত সব কাজ করতে পারবেন।
এনবিআর জানায়, অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের এই পদ্ধতি করদাতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ২০২৫ থেকে ২০২৬ কর বছরে এ পর্যন্ত প্রায় ৩৯ লাখ করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন।
রাজস্ব কর্তৃপক্ষ আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই রিটার্ন সিস্টেমের মাধ্যমে ২০২৫ থেকে ২০২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য সব ব্যক্তিশ্রেণির করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে।