প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান।
এ সময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি কার্যালয়ের অনেক পুরোনো কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে ডেকে কথা বলেন। এতে উপস্থিতদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম পিএসসি জি অবসরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী।