ইরানে সামরিক হামলা হবে বিশ্বের জন্য বিপর্যয়কর: আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি স্থাপন ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে তেহরান প্রস্তুত। হামলার হুমকি সত্ত্বেও দুই দেশের মধ্যে একটি চুক্তি এখনো সম্ভব বলে মনে করেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, শুক্রবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এমএস নাউকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই।
তিনি বলেন, একটি কূটনৈতিক সমাধান আমাদের নাগালের মধ্যেই রয়েছে এবং আমরা সহজেই তা অর্জন করতে পারি। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোকে অপ্রয়োজনীয় উল্লেখ করে তিনি বলেন, একটি চুক্তি অর্জনযোগ্য, তবে তা ন্যায্য ও উভয় পক্ষের জন্য লাভজনক হতে হবে।
আরাগচি সতর্ক করে বলেন, ইরানে সামরিক আগ্রাসন পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং এর বিপর্যয়কর পরিণতি শুধু ইরান নয়, পুরো অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরও পড়তে পারে।
তার সাক্ষাৎকারের কয়েক ঘণ্টা পর ইরানে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি বিষয়টি বিবেচনা করছেন।