নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ সুইডেনের
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে সুইডেন। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।
তিনি লেখেন, ইরান ও পুরো অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। এ অবস্থায় ইরান সফর এড়িয়ে চলা উচিত এবং বর্তমানে দেশটিতে অবস্থানরত সুইডিশ নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করার আহ্বান জানানো হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আকাশপথ ও স্থলপথের সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে এখনো ইরান ত্যাগ করা সম্ভব। তিনি বলেন, ইরানে থাকা সুইডিশদের এই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত দেশটি ছেড়ে যাওয়া উচিত।
তিনি আরও সতর্ক করে বলেন, যারা ইরানে অবস্থান করার সিদ্ধান্ত নেবেন, তাদের ব্যক্তিগত উদ্যোগেই থাকতে হবে। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখান থেকে সরিয়ে নিতে সহায়তা করতে পারবে না।
পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরান এর মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে চাপে রাখতে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছে প্রশাসন। তবে তেহরানকে অবশ্যই একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে হবে, অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।