বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ভারত: জয়সওয়াল
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। একই সঙ্গে দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
রণধীর জয়সওয়াল জানান, গত ১৭ ফেব্রুয়ারি শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি প্রধানমন্ত্রী মোদির একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে বলে জানান জয়সওয়াল। তিনি বলেন, দুই দেশের ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্কের ভিত্তিতে ভারত নতুন সরকারের সঙ্গে কাজ করতে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নিতে উন্মুখ।
ভিসা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্পর্কের সব দিক নিয়েই আলোচনা করা হবে।
শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওম বিড়লা সুবিধাজনক সময়ে ভারত সফরের জন্য প্রধানমন্ত্রী মোদির পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণ জানান। চিঠিতে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকেও সফরে সঙ্গে আসার আমন্ত্রণ জানানো হয়।
চিঠিতে কানেক্টিভিটি, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সূত্র: এএনআই।