বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত
বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ঢাকার সঙ্গে বহুমুখী সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানান, নির্বাচনে বিজয়ের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
রণধীর জয়সওয়াল আরও বলেন, লোকসভার স্পিকার ওম বিড়লা গত ১৭ ফেব্রুয়ারি শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নরেন্দ্র মোদির চিঠি পৌঁছে দিয়েছেন এবং এই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন। চিঠিতে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের প্রতিশ্রুতি উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, “নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে এবং সহযোগিতা এগিয়ে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।”