ট্রাম্পের শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করেছেন মার্কিন সুপ্রিম কোর্ট
মার্কিন সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) ব্যবহার করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে। শুক্রবার ছয়-তিন ভোটের মাধ্যমে দেওয়া রায়ে বলা হয়েছে, আইইইপিএ প্রেসিডেন্টকে এ ধরনের বিস্তৃত শুল্ক আরোপের স্বতন্ত্র ক্ষমতা প্রদান করে না।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, কংগ্রেস যদি আইইইপিএর মাধ্যমে প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ‘অসাধারণ ক্ষমতা’ দিতে চাইত, তবে তা স্পষ্টভাবে আইনে উল্লেখ করত, যেমনটি অন্যান্য শুল্কসংক্রান্ত আইনে দেখা যায়।
গত বছর ক্ষমতায় ফেরার পর ট্রাম্প আইইইপিএ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করেন। এতে কথিত “অন্যায্য” বাণিজ্য চর্চার জবাবে পারস্পরিক শুল্ক, মেক্সিকো, কানাডা ও চীনের ওপর আলাদা শুল্ক অন্তর্ভুক্ত ছিল। প্রশাসনের দাবি ছিল এসব শুল্ক অবৈধ মাদক প্রবাহ ও অভিবাসন নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত।
তবে সুপ্রিম কোর্টের এ রায় ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং নির্দিষ্ট অন্যান্য খাতে পৃথকভাবে আরোপিত শুল্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই খাতে ভবিষ্যতে শুল্ক আরোপের সম্ভাবনা এখনও রয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত চলছে।
এর আগে নিম্ন আদালতগুলোও আইইইপিএর আওতায় আরোপিত শুল্ককে অবৈধ ঘোষণা করেছিল। মে মাসে একটি ফেডারেল বাণিজ্য আদালত ট্রাম্পের বিস্তৃত শুল্ক কার্যকর করা স্থগিত করেন, যা আপিলের কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। সুপ্রিম কোর্টের রায়ে নিম্ন আদালতের অবস্থান বহাল থাকল।
বিশ্লেষকরা মনে করছেন, এই রায় ট্রাম্পের অর্থনৈতিক নীতির জন্য বড় ধাক্কা, কারণ শুল্ক তার বাণিজ্য কৌশলের অন্যতম প্রধান হাতিয়ার ছিল।