ট্রাম্প ইরানকে ১০ দিনের মধ্যে সমঝোতায় পৌঁছানোর সময় দিলেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছে, তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে প্রায় ১০ দিনের সময় দেয়া হয়েছে, অন্যথায় দেশটি সামরিক হামলার মুখে পড়তে পারে। খবরের সূত্র আল জাজিরা।
বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী বৈঠকে ট্রাম্প বলেন, গত বছরের জুনে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় গাজায় ‘যুদ্ধবিরতি’ প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়েছিল। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা না চালালে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা কঠিন হতো।
তিনি আরও বলেন, এখন হয়তো আরও এক ধাপ এগোতে হতে পারে, আবার নাও হতে পারে। হয়তো আমরা একটি চুক্তিতে পৌঁছাবো। আগামী প্রায় ১০ দিনের মধ্যেই বিষয়টি স্পষ্ট হবে।
এর আগে ১৮ ফেব্রুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, জেনেভায় আলোচনায় দুই পক্ষ ভালো অগ্রগতি করেছে। তবে আলোচনার মধ্যেই উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার হয়েছে। সেখানে দুটি বিমানবাহী রণতরী এবং ডজনখানেক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
ট্রাম্প বলেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে তার কূটনৈতিক উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ‘খুব ভালো বৈঠক’ করেছেন। তিনি যোগ করেন, আমাদের একটি অর্থবহ চুক্তি করতে হবে, না হলে খারাপ কিছু ঘটতে পারে।