বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ, সহযোগিতা জোরদারের আশ্বাস
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে এ সময়।
শুক্রবার বিকেল ৩টায় টেলিফোনে যোগাযোগ করেন আনোয়ার ইব্রাহিম। কথোপকথনে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক ক্ষেত্রে একযোগে কাজ করার আগ্রহের কথা জানান তিনি।
আলোচনায় উভয় দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পায়। বাণিজ্য, শ্রমবাজার ও উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও উঠে আসে।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই যোগাযোগ পারস্পরিক আস্থা ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।