সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় পোল্যান্ডের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ
ইরানে অবস্থানরত পোল্যান্ডের নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে বৃহস্পতিবার এক সতর্কবার্তায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী টাস্ক বলেন, ইরানে পরিস্থিতি যেকোনো সময় অবনতি ঘটতে পারে। সম্ভাব্য সশস্ত্র সংঘাতের আশঙ্কা বাড়ছে এবং নেতিবাচক পরিস্থিতি তৈরি হলে অল্প সময়ের মধ্যে নাগরিকদের সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়তে পারে। তাই বিলম্ব না করে দ্রুত দেশত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি নাগরিকদের উদ্দেশে স্পষ্টভাবে বলেন, অবিলম্বে ইরান ত্যাগ করতে হবে এবং নতুন করে কেউ যেন সেখানে ভ্রমণ না করেন।
এই সতর্কতা এমন সময় এলো, যখন মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা দ্রুত বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য সংঘাতের ঝুঁকি অনেকের ধারণার চেয়ে বেশি এবং কয়েক সপ্তাহব্যাপী বড় ধরনের সামরিক হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে পোল্যান্ড সরকারের এই পদক্ষেপ নাগরিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ারই প্রতিফলন বলে বিশ্লেষকরা মনে করছেন।