মার্কিন-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অচলাবস্থা এবং উভয় দেশের সামরিক তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেনদেনের শুরুতেই ব্রেন্ট ফিউচার তেলের দাম ব্যারেলপ্রতি ২৩ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৭০ দশমিক ৫৮ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ডব্লিউটিআই অপরিশোধিত তেলের মূল্য ২৫ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৬৫ দশমিক ৪৪ ডলারে দাঁড়ায়।
এর আগের দিন বুধবারও উভয় সূচকে চার শতাংশের বেশি মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যায়, যা ৩০ জানুয়ারির পর সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চলে সামরিক তৎপরতা জোরদার হওয়ায় সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই সম্ভাবনাকে সামনে রেখেই বাজারে আগাম মূল্য সমন্বয় করছেন ব্যবসায়ীরা।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের এ ঊর্ধ্বগতি বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা এখন নির্ভর করছে কূটনৈতিক অগ্রগতি ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর।