নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ শেষে নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে মন্ত্রিপরিষদ বিভাগ সম্ভাব্য মন্ত্রীদের আমন্ত্রণ জানানো শুরু করে। মোট ৪৯ জনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জন্য ডাকা হয়েছে। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথ পড়াবেন।
পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন ২৫ জন। তাঁদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন এ জেড এম জাহিদ হোসেন। টেকনোক্র্যাট কোটায় ড. খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন আবদুল আউয়াল মিন্টু। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পাচ্ছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন মিজানুর রহমান মিনু এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পাচ্ছেন নিতাই রায় চৌধুরী। খন্দকার আবদুল মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন আরিফুল হক চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাচ্ছেন জহির উদ্দিন স্বপন।
টেকনোক্র্যাট আমিন উর রশিদ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পাচ্ছেন আফরোজা খানম রিতা। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পাচ্ছেন আসাদুল হাবীব দুলু।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন মো. আসাদুজ্জামান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পাচ্ছেন জাকারিয়া তাহের সুমন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পাচ্ছেন দীপেন দেওয়ান। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন আ ন ম এহসানুল হক মিলন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাচ্ছেন সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন ফকির মাহবুব আনাম। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন শেখ রবিউল আলম।
নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টনের মাধ্যমে প্রশাসনিক কর্মকাণ্ডে গতি আনার প্রত্যাশা করা হচ্ছে। বিভিন্ন খাতে সমন্বিত নেতৃত্ব ও নীতিনির্ধারণের মাধ্যমে জনআকাঙ্ক্ষা পূরণই এখন নতুন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ।