৩৫ বছর পর বগুড়া পাচ্ছে মন্ত্রীত্বের প্রতিনিধিত্ব
দীর্ঘ প্রায় সাড়ে তিন দশক পর বগুড়া জেলার রাজনীতিতে ফিরছে মন্ত্রীত্বের উপস্থিতি। বগুড়া-২ শিবগঞ্জ আসন থেকে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম নবগঠিত সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বিকেলে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে তার। দলীয় ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মীর শাহে আলম বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা এই নেতা প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে সরাসরি মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন।
জেলার রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর বগুড়া সদর আসন থেকে নির্বাচিত অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর দীর্ঘ সময় ধরে বগুড়া থেকে আর কেউ মন্ত্রিসভায় স্থান পাননি। ফলে জেলার রাজনৈতিক অঙ্গনে এক ধরনের আক্ষেপ তৈরি হয়েছিল।
বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল জানিয়েছেন, বহুদিনের প্রত্যাশার পর জেলার একজন প্রতিনিধি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সরাসরি তৃণমূল প্রশাসন ও গ্রামীণ উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট। ফলে এ মন্ত্রণালয়ে জেলার প্রতিনিধিত্ব স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়ার রাজনৈতিক মানচিত্রে এই অন্তর্ভুক্তি শুধু একটি পদলাভ নয়, বরং জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবেই দেখছেন অনেকে।