১৫ ফেব্রুয়ারি নয়, ১ মার্চ আসছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম
দেশের টেলিযোগাযোগ খাতে নতুন সংযোজন হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বিটিসিএল এর মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর এমভিএনও সিম বাজারে আনার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষিত ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে সেবাটি পরীক্ষামূলকভাবে চালুর জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১ মার্চ ২০২৬।
বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমভিএনও সিমের আওতায় ভয়েস কল, ডাটা কল, আলাপ টু মোবাইল, আলাপ টু আলাপ এবং জিপিওএন ইন্টিগ্রেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবার প্রভিশনিং সংক্রান্ত কল টেস্ট ৮ ফেব্রুয়ারি ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে অনিবার্য কারণে নির্ধারিত সময়ের পরিবর্তে পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে ১ মার্চ থেকে বাজারজাতকরণ শুরু হবে।
এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, ১৫ ফেব্রুয়ারি থেকে বিটিসিএলের এমভিএনও সিম এবং ভয়েস, ডেটা ও কনটেন্ট সমন্বিত ট্রিপল প্লে প্যাকেজ রমনা, গুলিস্তান ও গুলশান বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন স্পষ্ট করেছে, পূর্ণাঙ্গ প্রস্তুতি ও পরীক্ষামূলক কার্যক্রম নিশ্চিত করার স্বার্থে সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।
দেশের প্রথম এমভিএনও সেবা চালু হলে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি নতুনভাবে মোবাইল গ্রাহকসেবায় যুক্ত হবে, যা প্রতিযোগিতামূলক বাজারে বৈচিত্র্য ও সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে গ্রাহকরা এক ছাতার নিচে ভয়েস, ডেটা ও কনটেন্ট সুবিধা পাওয়ার সুযোগ পাবেন, যা ডিজিটাল বাংলাদেশের অভিযাত্রায় নতুন এক ধাপ হিসেবে বিবেচিত হতে পারে।