মাদুরোকে গ্রেপ্তার অভিযানে মার্কিন বাহিনীর এআই মডেল ক্লড ব্যবহারের দাবি
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে পরিচালিত এক অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ক্লড ব্যবহার করেছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা ও ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান প্লানটিয়ার টেকনোলজিস এবং এআই কোম্পানি অ্যানথ্রপিকের অংশীদারত্বের মাধ্যমে ক্লড মডেলটি অভিযানে যুক্ত করা হয়। অভিযানের পর অ্যানথ্রপিকের এক কর্মী প্লানটিয়ারের এক কর্মকর্তার কাছে জানতে চান, অপারেশনে ক্লড কীভাবে ব্যবহৃত হয়েছে।
খবরে বলা হয়েছে, এ তথ্যের মাধ্যমে অ্যানথ্রপিক প্রথম পরিচিত কৃত্রিম বুদ্ধিমত্তা ডেভেলপার হিসেবে সামনে এসেছে, যার প্রযুক্তি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি শ্রেণীবদ্ধ অভিযানে ব্যবহার করেছে বলে দাবি উঠেছে। তবে ক্লড নির্দিষ্টভাবে কী কাজে ব্যবহৃত হয়েছে, তা পরিষ্কার নয়। সম্ভাব্য ব্যবহার হিসেবে পিডিএফ বিশ্লেষণ, তথ্য যাচাই বা স্বয়ংক্রিয় ড্রোন পরিচালনার মতো সক্ষমতার কথা উল্লেখ করা হলেও অপারেশনের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এ বিষয়ে অ্যানথ্রপিকের এক মুখপাত্র সরাসরি নিশ্চিত বা অস্বীকার না করে বলেন, ক্লডের যেকোনো ব্যবহার কোম্পানির নির্ধারিত নীতিমালা অনুসারেই হতে হবে। বেসরকারি বা সরকারি খাতে প্রযুক্তি মোতায়েনের ক্ষেত্রে ব্যবহার শর্ত মেনে চলা বাধ্যতামূলক এবং অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তা নিশ্চিত করা হয়।
প্রতিবেদন প্রকাশের পর সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, এর স্বচ্ছতা ও নৈতিকতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিরক্ষা খাতে এআই প্রযুক্তির বিস্তার ভবিষ্যতের যুদ্ধনীতি ও আন্তর্জাতিক আইন কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলতে পারে। প্রযুক্তির সক্ষমতা যেমন দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, তেমনি এর জবাবদিহি ও নৈতিক ব্যবহারের প্রশ্নও সমান গুরুত্ব বহন করে।