পিআইবি আয়োজিত কর্মশালা বর্জনের ঘোষণা সিলেট অনলাইন প্রেসক্লাবের
অনলাইন সাংবাদিকতার প্রতিনিধিত্বকারী সংগঠন সিলেট অনলাইন প্রেসক্লাব তাদের সদস্যদের উপেক্ষা করে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি কর্তৃক সিলেটে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক একটি কর্মশালার আয়োজন করায় তা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, সংগঠনের সংশ্লিষ্ট সদস্যদের সম্পৃক্ত না করে এককভাবে কর্মশালার আয়োজন করাকে অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য মনে করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে বর্জনের যৌক্তিক কারণ উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
একই সঙ্গে ভবিষ্যতে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানকে ব্যক্তি বিশেষের নিয়ন্ত্রণে না দিয়ে সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার আহবান জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে পেশাগত মর্যাদা ও সংগঠনের ভূমিকা যথাযথভাবে বিবেচনা করা হবে।