আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, সিলেট ও চট্টগ্রামে ভারি বর্ষণের আশঙ্কা
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনার কথাও বলা হয়েছে।
শনিবার (৩১ মে) আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ বিরাজ করছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক স্থানে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
রোববার থেকে মঙ্গলবার পর্যন্তও দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে কয়েক দফা মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাও ভারি বৃষ্টির আওতায় আসতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে কোনো কোনো দিনে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ও বিস্তৃতি আরও বৃদ্ধি পেতে পারে।
এদিকে শনিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৩ শতাংশ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার রাজধানীতে সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে।