বিশ্বজুড়ে বৈধতা সংকটের মুখে ইসরাইল, ভারতে সমর্থনের দাবি নেতানিয়াহুর
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ইসরাইলকে নিয়ে নেতিবাচক মনোভাব বাড়লেও ভারতে দেশটির প্রতি উল্লেখযোগ্য সমর্থন রয়েছে। তিনি ভারতকে ইসরাইলের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে দেশটির জনগণের মধ্যে ইসরাইলের প্রতি ব্যাপক ইতিবাচক মনোভাবের দাবি করেন।
বৃহস্পতিবার এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, বিশ্বের বহু স্থানে ইসরাইল বৈধতা সংকট বা ডেলিজিটিমাইজেশনের চ্যালেঞ্জের মুখে পড়ছে। তবে ভারতের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। তার দাবি, ভারতীয় সমাজে ইসরাইলের প্রতি শক্তিশালী সমর্থন বিদ্যমান এবং বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় সেখানেই ইসরাইলের সমর্থকের সংখ্যা বেশি।
তিনি ২০১৮ সালের ভারত সফরের স্মৃতিচারণ করে বলেন, স্ত্রী সারা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ভারত সফরের সময় যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন, তা ছিল এক ধরনের ভালোবাসার উৎসব। সে সময় তিনি ভারতীয় জনগণের মধ্যে ইসরাইলের প্রতি গভীর শ্রদ্ধাবোধ লক্ষ্য করেছিলেন বলেও উল্লেখ করেন।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ৬০ মিনিটস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারেও নেতানিয়াহু একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্বের কিছু স্থানে এখনও ইসরাইলকে সম্মান করা হয় এবং ১৪০ কোটিরও বেশি জনসংখ্যার ভারত তার অন্যতম উদাহরণ। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরাইল সফর এবং নিজের ভারত সফরের কথাও স্মরণ করেন।
অন্যদিকে সাম্প্রতিক এক জরিপে যুক্তরাষ্ট্রে ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব বৃদ্ধির চিত্র উঠে এসেছে। পিউ রিসার্চ সেন্টারের এপ্রিল মাসে প্রকাশিত জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। এক বছর আগে এ হার ছিল ৫৩ শতাংশ।
একই জরিপে ৫৯ শতাংশ উত্তরদাতা বৈশ্বিক বিভিন্ন বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর কম বা কোনো আস্থা নেই বলে মত দেন। গত বছর এই হার ছিল ৫২ শতাংশ।
সাক্ষাৎকারে নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরাইলবিরোধী প্রচারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার অভিযোগ, কিছু পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বট ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী জনমত তৈরির চেষ্টা করছে। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্পর্ক দুর্বল করার প্রচেষ্টা চালানো হচ্ছে।
তবে এ বিষয়ে নেতানিয়াহুর অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ প্রমাণ তিনি উপস্থাপন করেননি।