দায়িত্বে অবহেলার অভিযোগে আরও ছয় সিটি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা, ময়লা অপসারণ, পানি নিষ্কাশন এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে দুর্বলতার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ৪৮ ঘণ্টার সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) রাতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রতিমন্ত্রী জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কারে ধীরগতি, পানি নিষ্কাশন ব্যবস্থার সীমাবদ্ধতা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু হয়েছে বলে তিনি জানান।
এর আগে ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক এবং বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা সরেজমিন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনের সময় তিনি গুলশান, রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা, বংশাল, গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট, জিগাতলা, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি এবং মহাখালীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকায় সড়কে ময়লা জমে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরে সংশ্লিষ্ট দুই আঞ্চলিক কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মোস্তানজিরকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, পরিদর্শনের সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।