নির্বাচনকালীন সম্মানীর নামে কর্মকর্তাদের বিকাশ নম্বর চেয়ে প্রতারণা, সতর্ক করল নির্বাচন কমিশন
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের লক্ষ্য করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন সম্মানী দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারকরা কর্মকর্তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে বলে জানিয়েছে কমিশন।
রোববার ১ ফেব্রুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনে সংযুক্ত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানী দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। প্রতারকরা ০১৩৪২০৪৬২৩২ এবং ০১৬১২৬৭৭০৭৪ নম্বর ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল করছে বলেও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে বিধি অনুযায়ী নির্বাচনকালীন সম্মানী প্রদান করা হবে। এ জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে।