লন্ডনে কবি-সাংবাদিক মুহাম্মদ রহমত আলীর দুই কাব্যগ্রন্থের প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত
লন্ডনে কবি ও সাংবাদিক মুহাম্মদ রহমত আলীর দুটি কাব্যগ্রন্থ নিয়ে প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জানুয়ারি ইস্ট লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে তার কাব্যগ্রন্থ বিলাতের বৃষ্টি ও আমি যখন চলে যাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাহিত্যপ্রেমী ব্যক্তিত্বদের উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয় আয়োজনস্থল। বক্তারা বলেন, মুহাম্মদ রহমত আলীর কবিতায় প্রবাসজীবনের বেদনা, শেকড়ের টান, স্মৃতি, প্রেম ও আত্মঅনুসন্ধানের সংবেদনশীল প্রতিফলন দেখা যায়। তাদের মতে, এই কবিতা সমকালীন প্রবাসী বাংলা সাহিত্যে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন।
আলোচনা পর্বে কবির নির্বাচিত কবিতা পাঠ করা হয় এবং কাব্যগ্রন্থ দুটির সাহিত্যিক মূল্য, ভাবনাগত গভীরতা ও সময়োপযোগিতা নিয়ে প্রাণবন্ত মতবিনিময় হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও আলোচনায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্পণ বুক ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কবি আসমা মতিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চা টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে সহায়ক হয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু। আলোচক ও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ড. আনসার আহমদ উল্লাহ, সাংবাদিক ও উপস্থাপক ড. কামরুল হাসান, অধ্যাপক মিসবা কামাল, সাংবাদিক মিছবা জামাল, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহেদ রহমান, কবি আজিজুল আম্বিয়া, কমিউনিটি নেতা আবুল হোসেন, সাওদা মুমিন, আব্দুল মুকিত, আবু ছবুর, মায়েরা তাইবা, আবছার হোসেন, শহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কবি মুহাম্মদ রহমত আলী বলেন, প্রবাসজীবনের অভিজ্ঞতা, না বলা কষ্ট এবং স্মৃতিই তার কবিতার মূল উপাদান। তিনি জানান, এই দুটি কাব্যগ্রন্থ মূলত প্রবাসে বসবাসরত মানুষের অনুভূতির দলিল এবং পাঠকদের ভালোবাসাই তাকে লেখালেখিতে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।