এপস্টেইন নথিতে মোদির নামের দাবি ঘিরে বিতর্ক, ভারত সরকারের প্রত্যাখ্যান
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট বিপুল পরিমাণ নথি প্রকাশ করেছে। এতে এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ ফাইল প্রকাশের মাধ্যমে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় পরিসরে তথ্য উন্মুক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিবিসির তথ্য অনুযায়ী, প্রকাশিত নথিতে প্রায় ৩০ লাখ পাতা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও অন্তর্ভুক্ত রয়েছে। এসব নথির কয়েকটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম এসেছে বলে দাবি করা হয়েছে, যা নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, কিছু ই-মেইল নথিতে মোদির নাম উল্লেখ থাকার প্রসঙ্গে ২০১৭ সালে তার ইসরায়েল সফরের কথা উঠে এসেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, সেই সময় মোদি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতে এপস্টেইনের কাছে পরামর্শ চেয়েছিলেন এবং এপস্টেইন তাকে ইসরায়েল সফরের পরামর্শ দেন বলে ই-মেইলে উল্লেখ রয়েছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, এপস্টেইনের পরামর্শ অনুযায়ী মোদি ২০১৭ সালে ইসরায়েল সফরে যান এবং সেখানে নাচ-গান করেন বলে ই-মেইলে বলা হয়েছে। এসব দাবি প্রকাশের পর ভারতে সমালোচনা ও জল্পনা তৈরি হয়।
তবে ভারত সরকার এসব তথ্য সরাসরি প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী মোদির নাম উল্লেখ থাকার দাবি পুরোপুরি ভিত্তিহীন ও নিন্দনীয়। তিনি জানান, এসব দাবির কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং তা প্রত্যাখ্যান করা উচিত।