শ্রমিক সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রে বাড়ছে এইচ-২বি মৌসুমি ভিসা, মিলবে অতিরিক্ত ৬৫ হাজার
শ্রমিক সংকট মোকাবেলায় ২০২৬ অর্থবছরে অতিরিক্ত প্রায় ৬৫ হাজার এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। দেশীয় শ্রমিক ঘাটতির কারণে যেসব নিয়োগকর্তা আর্থিক ঝুঁকিতে পড়ছেন, তাদের সহায়তা করতেই এই অতিরিক্ত ভিসা অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার ৩০ জানুয়ারি প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে প্রতিবছর দেওয়া ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণ হবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, নির্মাণ, হোটেল-রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণসহ শ্রমনির্ভর মৌসুমি খাতগুলো এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি উপকৃত হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, এসব শিল্পে দীর্ঘদিন ধরেই কর্মী সংকট প্রকট হয়ে উঠেছে এবং অতিরিক্ত শ্রমিক না পেলে অনেক ব্যবসা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে ক্ষমতায় ফেরার পর অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর নীতি গ্রহণ করেছেন এবং বৈধ অভিবাসনের বিভিন্ন পথেও কড়াকড়ি আরোপ করেছেন। তবে শ্রমঘাটতির বাস্তবতা বিবেচনায়, তার আগের মেয়াদে এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে অভিবাসন কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো এ সিদ্ধান্তের বিরোধিতা করছে। তাদের দাবি, অতিরিক্ত এইচ-২বি ভিসা মার্কিন শ্রমিকদের মজুরি কমিয়ে দিতে পারে এবং স্থানীয় কর্মীদের সুযোগ সীমিত করতে পারে।
ফেডারেল রেজিস্টার জানিয়েছে, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকর করার অস্থায়ী নিয়ম আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।