সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতায় তুরস্ককে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রস্তাবিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটে তুরস্কের যুক্ত হওয়ার সম্ভাবনা নাকচ করা হয়েছে। শনিবার ৩১ জানুয়ারি ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি সেনাবাহিনীর এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
চলতি মাসের শুরুতে তুরস্কের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে তথ্য উঠে এলেও সৌদি সূত্রটি বিষয়টি প্রত্যাখ্যান করেছে। ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সামরিক সম্পর্ক বর্তমানে দ্বিপক্ষীয় কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং এতে অন্য কোনো দেশকে যুক্ত করার পরিকল্পনা নেই।
এদিকে উপসাগরীয় অঞ্চলের একজন উচ্চপদস্থ কর্মকর্তাও একই ধরনের তথ্য দিয়েছেন। তিনি জানান, তুরস্কের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা সহযোগিতার কিছু ক্ষেত্র থাকলেও পাকিস্তানের সঙ্গে বিদ্যমান বিশেষ সামরিক সমঝোতা অন্য কোনো দেশের সঙ্গে ভাগাভাগি করা হচ্ছে না।
এর আগে ধারণা করা হচ্ছিল, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক যৌথভাবে একটি সমন্বিত সামরিক কাঠামো গড়ে তুলতে পারে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই।