নির্বাচন প্রস্তুতিতে নেপালকে দ্বিতীয় দফায় ২৫০টির বেশি গাড়ি উপহার দিল ভারত
নেপালের সাধারণ নির্বাচন আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রস্তুতি ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার অংশ হিসেবে দ্বিতীয় দফায় নেপালকে ২৫০টিরও বেশি এসইউভি এবং ডাবল-ক্যাব পিকআপ গাড়ি উপহার দিয়েছে ভারত সরকার।
গত বৃহস্পতিবার কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে নেপালে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নেপাল সরকারের কাছে এসব যানবাহন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। অনুষ্ঠানে নেপালের অর্থমন্ত্রী রমেশোর প্রসাদ খানাল এবং নেপালের নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার রাম প্রসাদ ভান্ডারী উপস্থিত ছিলেন।
নেপাল সরকারের অনুরোধের ভিত্তিতে ভারত সরকার এই যানবাহন ও অন্যান্য সামগ্রী উপহার দিচ্ছে, যা নির্বাচনের প্রস্তুতি কার্যক্রম ও লজিস্টিক সাপোর্টে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে প্রথম দফার সহায়তা গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে হস্তান্তর করা হয়েছিল। সংশ্লিষ্টরা জানান, আগামী সপ্তাহগুলোতে আরও চালান পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্যে অর্থমন্ত্রী রমেশোর প্রসাদ খানাল ভারত-নেপালের দীর্ঘদিনের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভারত সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহায়তা আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, এই সহায়তা দুই দেশের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারত্ব, পারস্পরিক বিশ্বাস এবং গভীর বন্ধুত্বের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: Zoom Bangla News