স্বাধীনতার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, ভোটকেন্দ্র ঘুরে প্রস্তুতির কথা জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ নির্বাচন সফল করতে প্রস্তুত রয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার পর এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। শনিবার ২৪ জানুয়ারি দুপুরে মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, আসন্ন নির্বাচনের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, পোস্টাল ব্যালটে ভোট এবং গণভোট। তার বক্তব্য অনুযায়ী, প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি বলেন, গণতন্ত্র ও আইনের শাসন আরও দৃঢ় করতে গণভোটে হ্যাঁ ভোট দেওয়া জরুরি।
মানুষের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ রয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, দীর্ঘ ১৭ বছর পর সরকার একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর।
ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আল নোমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।