প্রচারণায় আচরণবিধি মানার আহ্বান ইসির, এনআইডি তথ্য সংগ্রহ ও উপহার-অনুদান নিয়ে সতর্কতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী প্রচারণার আড়ালে কিছু ব্যক্তি ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করছেন বলে নির্বাচন কমিশনের নজরে এসেছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ অনুযায়ী, অন্যের জাতীয় পরিচয়পত্র বহন বা হস্তান্তর করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৪ এর বিধি ৪ অনুযায়ী, কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে কোনো ধরনের চাঁদা, অনুদান বা উপহার দিতে কিংবা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবেন না।
ইসি জানায়, এসব কার্যক্রম আচরণবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই সকল নাগরিক ও সংগঠনকে উল্লিখিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।