দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক সু কে ২৩ বছরের কারাদণ্ড, সামরিক আইন জারির ঘটনায় দোষী সাব্যস্ত
দক্ষিণ কোরিয়ার একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী হান ডাক সু কে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের ঘোষিত স্বল্পস্থায়ী সামরিক আইনের ঘটনাকে আদালত বিদ্রোহমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে, ওই প্রক্রিয়াকে বৈধ দেখাতে ভূমিকা রাখার অভিযোগে হানকে দোষী সাব্যস্ত করেন।
এপি ও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের রায়ে উল্লেখ করা হয়েছে—হান সামরিক আইন জারির সিদ্ধান্তকে মন্ত্রিসভার কাউন্সিল বৈঠকের মাধ্যমে এগিয়ে নিতে সহায়তা করেছিলেন এবং আদালতের মতে তিনি নথি জালিয়াতি ও শপথ নিয়ে মিথ্যা বলাসহ একাধিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিচারক লি জিন গওয়ান রায়ে বলেন, হানের আচরণ দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করেছিল।
রায়ের পর হানকে আটক রাখার নির্দেশও দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। এতে বলা হয়, পালিয়ে যাওয়ার আশঙ্কা এবং প্রমাণ নষ্টের সম্ভাবনা বিবেচনায় আদালত এই নির্দেশ দিয়েছেন। একই মামলায় বিশেষ কৌঁসুলি ১৫ বছরের সাজা চাইলেও আদালত ২৩ বছরের দণ্ড দেন।
প্রসঙ্গত, ইউন সুক ইয়ল এর বিরুদ্ধে সামরিক আইন সংশ্লিষ্ট আলাদা বিদ্রোহ মামলার রায় আসার কথা ফেব্রুয়ারিতে। এর আগে ১৬ জানুয়ারি এক পৃথক মামলায় ইউনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।