পদ্মা সেতুতে মোট টোল আদায় ৩ হাজার কোটি টাকা ছাড়াল, সেতু কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি
পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে টোল আদায়ে নতুন মাইলফলক অর্জন করেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালের জুনে উদ্বোধনের পর এ পর্যন্ত সেতুটি থেকে সংগৃহীত মোট টোলের পরিমাণ ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
মঙ্গলবার সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিতকারী এই সেতু দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা এবং রাজস্ব আদায় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেতুটি চালুর ফলে যাতায়াতের সময় সাশ্রয় হয়েছে, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং শিল্পজাত পণ্য পরিবহণে পরিবর্তন এসেছে বলে উল্লেখ করা হয়।
সেতু কর্তৃপক্ষ জানায়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের দিকনির্দেশনা এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের তত্ত্বাবধানে এই অর্জন সম্ভব হয়েছে বলে তারা উল্লেখ করেছে।
টোল আদায় ব্যবস্থার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতুর দুই প্রান্ত মাওয়া ও জাজিরায় স্থাপিত ইলেকট্রনিক টোল কালেকশন পদ্ধতি টোল আদায়কে গতিশীল করেছে। এতে যানবাহনকে টোল প্লাজায় অপেক্ষা কম করতে হচ্ছে। পাশাপাশি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থায় চলাচল আরও দ্রুত ও সহজ হয়েছে বলে জানানো হয়।
কর্তৃপক্ষ জানায়, এই মাইলফলক অর্জনে সহযোগিতার জন্য গাড়ির মালিক, চালক, শ্রমিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট অপারেটর, সাইট অফিসের কর্মকর্তা কর্মচারীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।