ছবি-ভিডিও-ভয়েস ক্লোন করে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি ড. মিজানুর রহমান আজহারির
সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি, ভিডিও এবং ভয়েস ক্লোন করে প্রতারণামূলক প্রচারণা চালানোর অভিযোগ তুলে জরুরি বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি। তিনি জানিয়েছেন, এসব প্রতারণার সঙ্গে তার বা Hasanah Foundation এর কোনো সম্পর্ক নেই এবং প্রয়োজন হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার রাতে দেওয়া একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, সম্প্রতি কিছু প্রতারক চক্র তার পরিচয় ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে নানা ধরনের ভুয়া প্রচারণা চালাচ্ছে। পোস্টে তিনি উল্লেখ করেন, ভুয়া প্রোডাক্ট প্রমোশন, চিকিৎসা সেবা এবং বিশেষ করে ওষুধি পণ্যের অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।
তার বক্তব্য অনুযায়ী, এসব কনটেন্ট দেখে এআই সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই এমন অনেক মানুষ আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন এবং এতে তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও জানান, ভুয়া পণ্য বা ওষুধ সংক্রান্ত প্রচারণার কারণে Hasanah Foundation এর অফিসিয়াল নম্বরে নিয়মিত ফোনকল আসছে, যা ফাউন্ডেশনের দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে।
পোস্টে ড. আজহারি বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতারক মিডিয়া ও পেজগুলোর একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তা শিগগিরই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হবে। তিনি সতর্ক করে জানান, এসব কনটেন্ট দ্রুত সরানো না হলে দেশি-বিদেশি যেখান থেকেই এ কার্যক্রম পরিচালিত হোক না কেন, জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জনস্বার্থে এবং ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে এ ধরনের পদক্ষেপ প্রয়োজন হয়ে পড়েছে। পাশাপাশি তিনি প্রতারকচক্রকে এ ধরনের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানান।
শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি পরামর্শ দেন, কোনো বিজ্ঞাপনে বিভ্রান্ত হওয়ার আগে তার অফিসিয়াল সোর্স থেকে তথ্য যাচাই করে নিতে।