২১ জানুয়ারি থেকে বাংলাদেশিদের নতুন বি১-বি২ ভিসায় সর্বোচ্চ ১৫ হাজার ডলার ভিসা বন্ড লাগতে পারে, সতর্কবার্তা ঢাকার মার্কিন দূতাবাসের
বাংলাদেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা বি১-বি২ আবেদনে নতুন একটি শর্ত কার্যকর হচ্ছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বি১-বি২ ভিসার জন্য অন্যথায় যোগ্য বিবেচিত বাংলাদেশি আবেদনকারীদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১-বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।
দূতাবাস আরও সতর্ক করেছে, ভিসা সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড পরিশোধ করলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না, এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট ব্যবহার করে বন্ড জমা দেওয়ার চেষ্টা প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। বন্ড প্রয়োজন হলে সাক্ষাৎকারে কনস্যুলার কর্মকর্তা নির্দেশনা দেবেন বলে জানানো হয়েছে।
দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করা হলে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বন্ডের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে। বিস্তারিত তথ্য দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম সংক্রান্ত সরকারি নথি অনুযায়ী, এটি একটি নির্দিষ্ট মেয়াদের উদ্যোগ এবং কিছু দেশের নাগরিকদের ক্ষেত্রে বি১-বি২ ভিসায় বন্ড শর্ত প্রয়োগ করা হতে পারে।