ফেসবুকে ট্রাম্পকে টপকে গেলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় স্থান পেয়েছেন বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল। রোববার ১৮ জানুয়ারি পাঠানো এক বিবৃতিতে বিএনপি জানায়, সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্ল্যাডের শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৩ নম্বরে।
বিএনপির দাবি অনুযায়ী, ফেসবুকে কনটেন্ট পোস্টের সংখ্যা ও আলোচনা বা সম্পৃক্ততার মাত্রা বিবেচনায় এই তালিকায় তার অবস্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে রয়েছে। তবে এ বিষয়ে সোশ্যাল ব্ল্যাডের তালিকা এবং তুলনামূলক অবস্থান স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
সোশ্যাল ব্ল্যাডে প্রদত্ত তথ্য অনুযায়ী, তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে মোট লাইক ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬ এবং টকিং অ্যাবাউট বা এনগেজমেন্ট ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২। একই তথ্যসূত্রে বলা হয়েছে, পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিংয়ে পেজটির অবস্থান ৪২তম এবং গ্রেড এ প্লাস প্লাস।
বিবৃতিতে আরও বলা হয়, সর্বশেষ ১৪ দিনে তার পেজে প্রায় ৪৮ হাজার নতুন লাইক যোগ হয়েছে। দলটির ভাষ্য, ফেসবুক কার্যক্রম ও আলোচনার পরিসংখ্যান বিবেচনায় পেজটি বর্তমানে বিশ্বব্যাপী সক্রিয় রাজনৈতিক ফেসবুক পেজগুলোর একটি হিসেবে উল্লেখযোগ্য অবস্থানে আছে।
সোশ্যাল ব্ল্যাডের ব্যাখ্যার বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, যাদের নিয়ে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি ও শেয়ার করা হয়, তাদেরই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বিবেচনা করা হয়। এ সংজ্ঞা অনুযায়ী তালিকায় তারেক রহমানের অবস্থান উল্লেখযোগ্য বলে দাবি করেছে বিএনপি।