এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল ঢাকা শিক্ষা বোর্ড, ফি জমার সময়ও পুনর্নির্ধারণ
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ২৫ জানুয়ারি পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে বলে জানানো হয়।
এদিকে ঢাকা শিক্ষা বোর্ড চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে। বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর এসএসসি পরীক্ষা শুরু হবে ২১ এপ্রিল। প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। এরপর ৭ জুন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত চলবে।
বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সেই তুলনায় এবার পরীক্ষা ১১ দিন পরে শুরু হবে। এছাড়া ছুটির কারণে ব্যবহারিক পরীক্ষাও তুলনামূলকভাবে পরে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।