সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ
প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে গঠিত কমিটির চূড়ান্ত প্রতিবেদনে এ সুপারিশের তথ্য উঠে এসেছে।
সুপারিশ অনুযায়ী, নতুন বেতন কাঠামো দুই ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে মূল বেতন এবং পরবর্তী ধাপে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।
সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে গঠিত কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। এর আগে নবম জাতীয় বেতন কমিশন বেতন ও ভাতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন সুপারিশ করেছিল।
প্রস্তাবিত কাঠামোতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখার কথা বলা হয়েছে। কমিশনের সুপারিশে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছিল।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সরকার ২০২৬ ২৭ অর্থবছরের বাজেটে বেতন ভাতা খাতে ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রেখেছে।