ইতালিয়ান প্রযুক্তি ও আন্তর্জাতিক মান নিয়ে যাত্রা শুরু করল মিলানো সিরামিকস
দেশের নির্মাণ ও স্থাপত্য খাতে আধুনিক নকশা, উন্নত প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করেছে এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড মিলানো সিরামিকস।
সোমবার ১৩ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসেন্স অব ইতালিয়ান ক্রাফট ভাবনাকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের শিল্প, ব্যবসা ও স্থাপত্য খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের চেয়ারম্যান আব্দুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম সুমন, নির্বাহী পরিচালক ইমরান আহমেদসহ দেশি বিদেশি স্থপতি, ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, মিলানো সিরামিকস আধুনিক ইতালিয়ান প্রযুক্তি, আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার সমন্বয়ে নতুন যাত্রা শুরু করেছে। তিনি বলেন, বেসরকারি খাতের এমন উদ্যোগ শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, উন্নত প্রযুক্তি, মানসম্মত উৎপাদন, আধুনিক নকশা এবং দায়িত্বশীল শিল্পচর্চার মাধ্যমে মিলানো সিরামিকস দেশের নির্মাণ ও আবাসন খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
অনুষ্ঠানে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. হাসান আরিফ, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খান, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম. আহমেদসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম সুমন বলেন, তাদের লক্ষ্য শুধু সিরামিক পণ্য উৎপাদন নয়, বরং প্রতিটি আবাসনকে নান্দনিক, আধুনিক ও শিল্পসম্মত পরিবেশে রূপ দেওয়া।
অনুষ্ঠানে মিলানো টাইলসের নকশা ও সৌন্দর্য তুলে ধরতে বিশেষ ফ্যাশন শো আয়োজন করা হয়। পাশাপাশি ইতালিয়ান ব্যালে এবং ইতালি বাংলাদেশ ফিউশন নৃত্য পরিবেশনা অতিথিদের আকৃষ্ট করে। আয়োজনের শেষ পর্যায়ে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের নির্বাহী পরিচালক ইমরান আহমেদ।
অনুষ্ঠানে এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ইতালীয় অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন সিস্টেম সিরামিকসের এরিয়া ম্যানেজার ফ্রান্সেসকো পিয়ানি এবং এইচএলটি ডিএলটির উপব্যবস্থাপনা পরিচালক সোফিয়া।
পুরো আয়োজনের মঞ্চসজ্জা ও পরিবেশে ইতালির স্থাপত্য ও সংস্কৃতির আবহ তুলে ধরা হয়। মিলানের ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত নকশা, ইতালীয় সংগীত এবং বিশেষ আয়োজনের মাধ্যমে অতিথিদের সামনে ইতালীয় ঐতিহ্যের আবহ সৃষ্টি করা হয়।