ইরানের বিরুদ্ধে মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগ, জবাবের ইঙ্গিত ট্রাম্পের
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, টহলরত একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ইরানের হামলায় ভূপাতিত হয়েছে। একই সঙ্গে তিনি এ ঘটনার জবাব দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন।
বৃহস্পতিবার ১২ জুন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী হরমুজ প্রণালির আকাশে টহলরত একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার গুলিবর্ষণের শিকার হয়ে বিধ্বস্ত হয়েছে।
তিনি দাবি করেন, হেলিকপ্টারটিতে থাকা দুই পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা অক্ষত রয়েছেন। তবে ঘটনাটিকে অত্যন্ত গুরুতর হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, এই হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানানো প্রয়োজন হয়ে পড়েছে।
এর আগে ওমান উপকূলের কাছে একটি মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। সে সময় দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হলেও দুর্ঘটনার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
তবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পেছনে ইরানের সংশ্লিষ্টতার বিষয়ে ট্রাম্পের দাবির পরও এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি হেলিকপ্টারটি কীভাবে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়েও স্বাধীনভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, ঘটনাটি নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় এ অঞ্চলের যেকোনো সামরিক ঘটনা বৈশ্বিকভাবে নজর কাড়ে।