দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে : নাহিদ
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ এখন এক চরম সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে, বৃহস্পতিবার ২৮ মে ঈদের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিরোধী দলীয় হুইপ।
নাহিদ ইসলাম বলেন, বিশেষ করে জ্বালানি তেলের সঙ্কট ও দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি সাধারণ মানুষের নাভিশ্বাস উঠিয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভয়াবহভাবে অবনতি হয়েছে। শিশু থেকে শুরু করে বয়স্ক নারীও ধর্ষণের শিকার হচ্ছেন, আর পাড়া-মহল্লায় মাদকের সিন্ডিকেট আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। এসবের পুরো দায় বর্তমান সরকারকেই নিতে হবে।
তিনি আরও বলেন, অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে বিরোধী দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও, প্রয়োজনীয় সংস্কার ছাড়া সরকার কখনোই সঙ্কট দূর করতে পারবে না। সামনেই বাজেট অধিবেশন আসছে উল্লেখ করে তিনি আহবান জানান, আসন্ন বাজেটে দেশের মূল অর্থনৈতিক সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করা হোক এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে নামিয়ে আনা হোক।